
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন ছিল ১১ অক্টোবর। জন্মদিন উপলক্ষে সাদাকালো আবহে স্টাইলিশ ‘বার্থডে গার্ল’ লুকে ভক্তদের সামনে হাজির হয়েছেন এই অভিনেত্রী। রোববার রাতে নিজের ফেসবুক পেজে কেক হাতে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, ‘বার্থডে গার্ল’।
অপুর জন্মদিন উদযাপন শুরু হয় শনিবার মধ্যরাতে। জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটে ছেলে আব্রাম খান জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে শুভেচ্ছা জানিয়ে জয় লেখে, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।’ ভালোবাসার ইমোজি যুক্ত করা বার্তাটি ঘিরে তৈরি হয় আবেগঘন মুহূর্ত।
এর আগে জন্মদিনের আগাম বার্তা দিয়ে একটি সাদাকালো ভিডিও প্রকাশ করেন অপু। সেখানে তিনি লেখেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’
অপুর নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনা চলছে। অনেকেই তার সাজ ও রূপের প্রশংসা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে ‘বার্থডে গার্ল’ শব্দবন্ধ নিয়েও মন্তব্য করেছেন কেউ কেউ। তাঁদের মতে, ‘গার্ল’-এর বদলে ‘লেডি’ শব্দটি বেশি মানানসই। একজন মন্তব্য করেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’ পোশাক নিয়েও আলোচনা করেছেন নেটিজেনরা।
ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল অপুর। নাচ শেখার সুবাদে একসময় অভিনয়জগতে পা রাখেন তিনি। ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নিঃশ্বাস আমার তুমি’ ও ‘কোটি টাকার প্রেম’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন তিনি। ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী।